دار الإفتاء
মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা
س প্রশ্ন
কিছু কিছু দোকানে দেখা যায়, দোকানদার এই বিজ্ঞপ্তি লিখে টানিয়ে দেয় যে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, অথবা লেখা থাকে, বিক্রয়ের এক সপ্তাহ পর বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। জানার বিষয় হলো, এভাবে ফেরত না নেওয়ার বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া বৈধ হবে কি? আর এক্ষেত্রে পরবর্তীতে ক্রয়কৃত পণ্যে পূর্বের কোনো ত্রুটি পাওয়া গেলে তা ফেরত নিতে বা ক্ষতিপূরণ দিতে দোকানদার বাধ্য থাকবে কি? জানিয়ে বাধিত করবেন।
ج উত্তর
بسم الله الرحمن الرحيم
বিক্রিত পণ্য ফেরত নেওয়া হবে না-এই শর্তে পণ্য বিক্রি করা বৈধ। কেননা, শরীয়তের দৃষ্টিতে বিক্রি সম্পন্ন হওয়ার পর ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য তা আবশ্যক হয়ে যায়। দেখে পণ্য কেনার পর তাতে কোনো ত্রুটি পাওয়া না গেলে বিক্রেতার সন্তুষ্টি ছাড়া তা ফেরত দেওয়ার অধিকার থাকে না। তাই “বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা এক সপ্তাহ পর বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না” এ ধরণের বিজ্ঞপ্তি টানিয়ে রাখা অবৈধ নয়। তবে হাদীস শরীফে পণ্য ফেরত নেওয়ার ফযীলত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- من أقال نادما بيعته، أقال الله عثرته يوم القيامة
অর্থ: যে ব্যক্তি কোনো অনুতপ্ত ক্রেতার সাথে বিক্রয়-চুক্তি রহিত করবে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার গোনাহ মাফ করে দিবেন। -সহিহ ইবনে হিব্বান, হাদীস ৫০২৯
তাই এধরণের কড়াকড়ি শর্তারোপ করা সুন্দর নয়। তবে এধরণের বিজ্ঞপ্তি টানিয়ে দিলেও পণ্য খরিদ করার পর তাতে পূর্বের কোনো ত্রুটি পাওয়া গেলে ক্রেতা উক্ত পণ্য ফেরত দিতে কিংবা ক্ষতিপূরণ নিতে পারবে এবং বিক্রেতাও তা দিতে বাধ্য থাকবে।
والله سبحانه وتعالى أعلم
› দলীল / মারাজি'
• جاء في مختصر القدوري (ص: 78): وإذا حصل الإيجاب والقبول لزم البيع ولا خيار لواحد منهما إلا من عيب أو عدم رؤية. • وفي مجمع الأنهر في شرح ملتقى الأبحر 2/7: (وإذا وجد الإيجاب والقبول) من المتقاعدين (لزم البيع) وفيه إشارة إلى أن البيع يتم بهما ولا يحتاج إلى القبض ولا إلى إجازة البائع بعدهما وهو الصحيح (بلا خيار مجلس) إلا من عيب أو عدم رؤية. • وفي كنز الدقائق (ص: 406): هو مبادلة المال بالمال بالتراضي، ويلزم بإيجاب وقبول وبتعاط. • وفي الدر المختار مع رد المحتار (4/ 528): (وإذا وجدا لزم البيع) بلا خيار إلا لعيب أو رؤية خلافا للشافعي - رضي الله عنه - وحديثه محمول على تفرق الأقوال. • وكذا في الهداية في شرح بداية المبتدي (3/ 23) ، ولسان الحكام (ص: 351)، وفتح القدير 6/257. أهـ. والله أعلم بالصواب.
